স্বামীর কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন বেগম খালেদা জিয়া

নিউজ ডেস্ক:- বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে সংসদভবন এলাকার জিয়া উদ্যানে তাঁর স্বামী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে সমাহিত করা হয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর দাফন সম্পন্ন হয়। এর আগে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও মানিক মিয়া অ্যাভিনিউয়ে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় বিএনপির শীর্ষ নেতাকর্মীসহ লাখ লাখ সাধারণ মানুষ অংশ নেন।

দীর্ঘদিন ধরে গুরুতর অসুস্থতায় ভোগা খালেদা জিয়া গতকাল মঙ্গলবার সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর।

খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থরাইটিস, ডায়াবেটিস, কিডনি, লিভার, ফুসফুস, হৃদ্‌যন্ত্র ও চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছিলেন। চলতি বছরের ৭ জানুয়ারি তিনি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান এবং সেখান থেকে চিকিৎসা নিয়ে কিছুটা সুস্থ হয়ে দেশে ফেরেন। তবে গত ২৩ নভেম্বর তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে আবার তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। প্রায় দেড় মাস চিকিৎসাধীন থাকার পর গতকাল তিনি মৃত্যুবরণ করেন।
গৃহবধূ থেকে রাজনীতিতে এসে খালেদা জিয়া টানা ৪৩ বছর বিএনপির নেতৃত্ব দেন। ১৯৮২ সালে তিনি বিএনপিতে যোগ দেন এবং ১৯৮৪ সালের কাউন্সিলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় দলের চেয়ারপারসন নির্বাচিত হন। এরপর মৃত্যুর দিন পর্যন্ত তিনি বিএনপির চেয়ারপারসনের দায়িত্ব পালন করেন। এ সময়ের মধ্যে তিনি তিনবার বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন। এরশাদবিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়ে তিনি ‘আপসহীন নেত্রী’ হিসেবে পরিচিতি লাভ করেন এবং দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে ইতিহাস গড়েন।

খালেদা জিয়ার রাজনৈতিক জীবনের সূচনা হয়েছিল গভীর ব্যক্তিগত শোকের মধ্য দিয়ে। ১৯৮১ সালের ৩০ মে স্বামী রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হওয়ার পর বিএনপি নেতৃত্ব সংকটে পড়ে। সেই সময় সাধারণ গৃহবধূ থেকে রাজনীতিতে এসে তিনি দলের হাল ধরেন। দীর্ঘ চার দশকের রাজনৈতিক জীবনে তাঁকে কখনো ব্যক্তিগত আক্রমণ করে কথা বলতে দেখা যায়নি। এ বিষয়ে এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, তিনি কখনো ব্যক্তিগত আক্রমণ করে বক্তব্য দেন না।

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *