কাপ্তাইয়ে ‘সুরের ধারা পরিবার’-এর অভিষেক ও গুণীজন সংবর্ধনা সম্পন্ন

নিউজ ডেস্ক:-  আনন্দ-উদ্দীপনার মধ্য দিয়ে সম্পন্ন হলো কাপ্তাই সুরের ধারা পরিবার এর জমজমাট অভিষেক অনুষ্ঠান। এই উপলক্ষে শুক্রবার (৯ জানুয়ারি) দুপুর থেকে সন্ধা পর্যন্ত কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় গুণীজন সংবর্ধনা, আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। সঙ্গীত হোক আমাদের জীবনের অনুপ্রেরণা—এই প্রতিপাদ্যকে সামনে রেখে এই সংগঠনটির প্রথম আয়োজন সম্পন্ন হয়। 

কাপ্তাই সুরের ধারা পরিবার এর সভাপতি বিশিষ্ট সঙ্গীতশিল্পী প্রদীপ মল্লিক এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ দিলদার হোসেন। অনুষ্ঠানের উদ্বোধন করেন চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান হাসপাতালের পরিচালক ডাঃ প্রবীর খিয়াং।  

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক চট্টগ্রাম এর যুগ্ন পরিচালক (আইসিটি) রিচার্ড বিশ্বাস, কাপ্তাই উপজেলা হেডম্যান এসোসিয়েশন সভাপতি ও ভার্যাতলী মৌজা হেডম্যান থোয়াই অং মারমা, কাপ্তাই শিল্পকলা একাডেমির যুগ্ন সম্পাদক ও বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব আনিসুর রহমান, চম্পাঁকুড়ি খেলাঘর আসর এর সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব লাকি তঞ্চঙ্গ্যা ও বিশিষ্ট সঙ্গীতশিল্পী ফারজানা ইসলাম লিপি। 

অনুষ্ঠানে কাপ্তাইয়ের সাংস্কৃতিক অঙ্গনে বিশেষ অবদানে স্বীকৃতিস্বরূপ কয়েকজন গুণীজনকে সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধিত ব্যক্তিরা হলেন কাপ্তাই শিল্পকলা পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম হেলাল, কাপ্তাই শিল্পকলা একাডেমির সাবেক সাধারণ সম্পাদক ফনীন্দ্র লাল ত্রিপুরা, পার্বত্য অঞ্চলের বিশিষ্ট যাত্রাশিল্পী ও নির্দেশক আপ্রুসী মারমা কারবারি, নাট্য ব্যক্তিত্ব ও অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা অমল বিকাশ তঞ্চঙ্গ্যা। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন কাপ্তাই সুরের ধারা পরিবার এর সদস্য খোদেজা আক্তার ভাষা এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব নুর মোহাম্মদ বাবু। 

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা বলেন,  সুস্থ সাংস্কৃতিক চর্চা- একটি সমাজের মনন ও মানবিক মূল্যবোধ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাহাড়ি অঞ্চলের তরুণদের সৃষ্টিশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে কাপ্তাই সুরের ধারা পরিবারের মতো সংগঠন সৃষ্টি সময়োপযোগী উদ্যোগ। কাপ্তাইয়ের সংস্কৃতি ও সঙ্গীত চর্চাকে আরও গতিশীল করতে নতুন এই সংগঠনের আত্মপ্রকাশ ইতিবাচক দৃষ্টান্ত। স্থানীয় শিল্পীদের পরিচর্যা ও পৃষ্ঠপোষকতার মাধ্যমে ভবিষ্যতে জাতীয় পর্যায়ের শিল্পী তৈরিতে সুরের ধারা পরিবার কার্যকর ভূমিকা রাখবে বলে অতিথিরা আশাবাদ ব্যক্ত করেন।

এদিকে সামগ্রিক অনুষ্ঠান পরিচালনায় ছিলেন কাপ্তাই সুরের ধারা পরিবারের সদস্য ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব ওয়েপ্রু চিং মারমা, সুমনা তঞ্চঙ্গ্যা, জ্যাকলিন তঞ্চঙ্গ্যা, অর্ণব মল্লিক ও রুবেল সিংহ।। উক্ত অনুষ্ঠানে কাপ্তাইয়ের বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক সহ বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *